নিজস্বপ্রতিবেদন,কোচবিহার: জামালদহে এক নাবালিকা মাধ্যমিক পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুক্রবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন মৃতার পরিবার। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে এবং এক যুবককে আটক করেছে।
মৃতার পরিবারের অভিযোগ, স্থানীয় যুবক হুমায়ুন কবিরের মানসিক নির্যাতন, হুমকি এবং ব্ল্যাকমেলের জেরেই ওই ছাত্রী চরম সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার বিকেলে কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের জামালদহ এলাকায়। সদ্য শেষ হওয়া মাধ্যমিক পরীক্ষার্থী ভূমিকা বর্মনের ঝুলন্ত দেহ উদ্ধার হয় বাড়ি থেকে। মাত্র ১৫ বছর বয়সী ভূমিকা জামালদহ তুলসীদেবী হাইস্কুলের ছাত্রী ছিলেন। বৃহস্পতিবার ছিল তার মাধ্যমিকের শেষ পরীক্ষা। চ্যাংরাবান্ধা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা দিয়ে বাড়ি ফেরার কিছুক্ষণ পরই তিনি আত্মঘাতী হন বলে অভিযোগ।
পরিবারের দাবি, বাড়ি ফেরার পর কিছু সময় ধরে তিনি মোবাইলে কারও সঙ্গে ঘন ঘন কথা বলছিলেন এবং মেসেজ আদানপ্রদান করছিলেন। এরপরই গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে প্রতিবেশীদের সহায়তায় তাঁকে উদ্ধার করে জামালদহ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
ভূমিকার বাড়ি জামালদহের হাইস্কুল পাড়া সংলগ্ন এলাকায়। তাঁর বাবা জীবন বর্মন কাজের সূত্রে বর্তমানে ছত্তিশগড়ে রয়েছেন। মেয়ের মৃত্যুর খবর পেয়ে তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছেন। মা শেফালী বর্মন শুক্রবার মেখলিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগে তিনি জানান, স্থানীয় যুবক হুমায়ুন কবিরের সঙ্গে ভূমিকার সম্পর্ক গড়ে উঠেছিল। পরে ওই যুবক নানাভাবে প্রলোভন দেখিয়ে এবং মিথ্যা আশ্বাস দিয়ে জোরপূর্বক শারীরিক সম্পর্ক স্থাপন করে বলে অভিযোগ। পাশাপাশি বিয়ের জন্য চাপ সৃষ্টি, প্রাণনাশের হুমকি এবং মোবাইলের মাধ্যমে ব্ল্যাকমেল ও মানসিক নির্যাতনের অভিযোগও তুলেছেন মৃতার পরিবার।
পরিবারের দাবি, মৃতার মোবাইল ফোনে ওই যুবকের সঙ্গে কথোপকথনের তথ্য মিলেছে।
পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। শুক্রবার মাথাভাঙ্গা মর্গে দেহ পাঠানো হয়। ময়নাতদন্তের পর দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে।
এদিকে, তদন্তের স্বার্থে এক যুবককে আটক করেছে পুলিশ। পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ না করা হলেও পরিবারের দাবি, অভিযোগে উল্লেখ করা হুমায়ুন কবিরকেই আটক করা হয়েছে। অভিযোগ রয়েছে, ঘটনার পর ওই যুবক পালানোর চেষ্টা করছিল এবং পরে ধূপগুড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্ত শুরু হয়েছে। প্রমাণ মিললে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বর্তমানে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

