ব্যক্তিগত আক্রমণে ক্ষুব্ধ, সোশ্যাল মিডিয়া থেকে সরে দাঁড়ালেন ইমন
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:ব্যক্তিগত আক্রমণের জেরে সোশ্যাল মিডিয়াকে বিদায় জানালেন গায়িকা ইমন চক্রবর্তী। গত ২৬ ফেব্রুয়ারি ছিল তাঁর মায়ের মৃত্যুর ১২তম বার্ষিকী। সেই উপলক্ষে মৃত মাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্ট করেছিলেন তিনি। কিন্তু সেই পোস্টেই কটূ মন্তব্য করে বসেন এক নেটিজেন।
মন্তব্যে লেখা হয়—“আপনার মায়ের দেখা উচিত ছিল কিভাবে চটি চেটে বঙ্গবিভূষণ পেয়েছেন, ভবিষ্যতে নোবেলও পাবেন।”
এই ঘটনার পরেই ফেসবুক লাইভে এসে মুখ খোলেন গায়িকা। তিনি বলেন, “আমি বাধ্য হলাম লাইভে আসতে। মায়ের মৃত্যুদিনে আমি একটি পোস্ট করেছিলাম। এই দিনটায় আমি খুবই ভারাক্রান্ত হয়ে পড়ি।”
নিজের সংগীতচর্চা নিয়ে তিনি জানান, তিনি সব ধরনের গানই গেয়ে থাকেন— লোকসঙ্গীত, হিন্দি, উড়িয়া, পাঞ্জাবী এবং বাংলা প্লেব্যাক। শুধু তাই নয়, পাঁচালীও গেয়েছেন। তাঁর কথায়, “এই বিষয়গুলো নিয়ে যখন আমার বা আমার পরিবারের কোনও আপত্তি নেই, তখন আপনাদের এত সমস্যা কেন?”
ক্ষোভ প্রকাশ করে তিনি আরও বলেন, “যিনি কমেন্ট করেছেন তিনি হয়তো অশিক্ষিত বা মানসিকভাবে অসুস্থ। এতদিন ইগনোর করেছি, কিছু বলিনি। কিন্তু এবার মৃত মাকে নিয়ে কথা বলা হয়েছে।”
ইমন জানান, তিনি সোশ্যাল মিডিয়ায় কখনও নেতিবাচক পোস্ট করেন না। ব্যক্তিগত জীবনের মুহূর্ত, বাবা এবং বাপি কাকুকে নিয়ে স্মৃতি ভাগ করে নিতেন অনুরাগীদের সঙ্গে। তবে এমন একটি দুঃখের দিনে তাঁকে কটাক্ষের শিকার হতে হওয়ায় তিনি গভীরভাবে মর্মাহত।
লাইভের শেষে তিনি ঘোষণা করেন, এখন থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর সব কাজ সংক্রান্ত আপডেট দেবেন তাঁর টিম ও ভাই। আপাতত তিনি নিজে দূরে থাকতে চান।
তাঁর বক্তব্য থেকে স্পষ্ট, ঘটনাটি তাঁকে গভীরভাবে আঘাত করেছে। অতীতে বহুবার কটাক্ষের মুখে পড়লেও কখনও সরব হননি তিনি। কিন্তু মৃত মাকে জড়ানোয় এবার ক্ষোভ প্রকাশ করতে বাধ্য হন।
ঘটনার পর বহু অনুগামী তাঁকে অনুরোধ করেছেন একটি মন্তব্যের জন্য যেন তিনি সোশ্যাল মিডিয়া ছেড়ে না দেন।

