নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:হুগলি জেলার গোঘাটে শুক্রবার এক ব্যতিক্রমী দৃশ্যের সাক্ষী থাকল স্থানীয় মানুষজন। দীর্ঘদিন ধরে সরকারি কল্যাণমূলক প্রকল্পের সমালোচক হিসেবে পরিচিত বিজেপি নেত্রী সুদেষ্ণা অধিকারী মোহান্তকে দেখা গেল যুবসাথী প্রকল্পের সুবিধা নিতে ব্লক অফিসের লাইনে দাঁড়িয়ে।
ঘটনাটি ঘটেছে গোঘাট ২ নম্বর ব্লক অফিসে। সকালে অন্যান্য সাধারণ মানুষের মতোই লাইনে দাঁড়িয়ে ফর্ম জমা দেন তিনি। সুদেষ্ণা অধিকারী মোহান্ত স্পষ্টভাবে জানান, এই আর্থিক সহায়তা কোনও রাজনৈতিক দলের নয়, বরং সরকারের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। তাঁর কথায়, “এই টাকা তৃণমূলের নয়, সরকারের।”
জানা গেছে, ফর্মটি তাঁর ছেলের জন্য পূরণ করা হলেও কাগজপত্রে তাঁর নিজের নামই গ্রাহক হিসেবে উঠে আসে। ফর্ম জমা দেওয়ার পর তিনি বলেন, এখনও বহু শিক্ষিত যুবক বেকার অবস্থায় রয়েছেন, তাদের তথ্য নথিভুক্ত করা প্রয়োজন। তিনি আরও জানান, এই প্রকল্পের মাধ্যমে বাস্তব চিত্র সামনে আসবে এবং সাধারণ মানুষের উপকার হবে।
সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণ প্রসঙ্গে সুদেষ্ণা বলেন, যেহেতু এই সহায়তা সরকারের উদ্যোগে দেওয়া হচ্ছে, তাই এটি সকলের জন্য সমানভাবে প্রাপ্য। এছাড়াও মুখ্যমন্ত্রীকে এই প্রকল্প চালুর জন্য ধন্যবাদ জানান তিনি।
তাঁর বক্তব্য অনুযায়ী, অনেক বেকার যুবক-যুবতী চাকরির আবেদন করার ক্ষেত্রেও অর্থের অভাবে সমস্যায় পড়েন। সেই জায়গায় এই প্রকল্প তাদের জন্য সহায়ক হতে পারে।
স্থানীয় সূত্রে জানা গেছে, এই প্রকল্পকে ঘিরে এলাকার বহু যুবক-যুবতীর মধ্যে ইতিবাচক সাড়া দেখা যাচ্ছে।

