নিজস্ব প্রতিবেদন , নিউজ ইন্ডিয়া ডেস্ক : ফের ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল ধূপগুড়ি শহর। রবিবার রাতে শিলিগুড়ি শহরের অন্যতম ব্যস্ত বাণিজ্যকেন্দ্র ‘সুপার মার্কেট’-এর কাপড়ের দোকানে বিধ্বংসী অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ভয়াবহ এই অগ্নিকাণ্ডকে কেন্দ্র করে পুরো এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় । সুপার মার্কেটের দুটি গুলিকে আগুন পুরোপুরি গ্রাস করে মুহূর্তের মধ্যেই । দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনলেও, তার আগেই আনুমানিক ১০ থেকে ১৫টি দোকান ভূস্মিভূত হয়ে যায়।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এদিন আচমকাই সুপার মার্কেটের একটি কাপড়ের দোকান থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তের মধ্যে সেই আগুন পাশের দোকানগুলিতে ছড়িয়ে পড়ে একের পর এক । খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে এসে তিনটি ইঞ্জিন নিয়ে উপস্থিত হয় দমকল । প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে ততক্ষণে দোকানগুলিতে থাকা বিপুল পরিমাণ বস্ত্র সামগ্রী ও অন্যান্য সামগ্রী ভস্মীভূত হয়ে যায়, কোনো ভাবেই সেসব রক্ষা করা সম্ভব হয়না।
প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে,এই অগ্নিকাণ্ডে কয়েক লক্ষ টাকার সম্পত্তি নষ্ট হয়েছে। ক্ষতিগ্রস্ত এক কাপড় ব্যবসায়ী জানিয়েছেন, তাঁর একার দোকানেই প্রায় তিন থেকে চার লক্ষ টাকার মালপত্রের ক্ষতি হয়েছে । সামগ্রিকভাবে এই ক্ষতির অঙ্ক কয়েক গুণ বেশি হবে বলে আশঙ্কা করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত সকল ব্যবসায়ীর মাথায় হাত।
আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্টভাবে জানা সম্ভব হয়নি । প্রত্যক্ষদর্শী অনেকের ধারণা, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই ঘটনা ঘটতে পারে, তবে অন্তর্ঘাত বা কেউ ইচ্ছা করে আগুন লাগিয়ে দিয়েছে কি না, সেই সন্দেহও উড়িয়ে দেওয়া যাচ্ছে না । বারবার সুপার মার্কেটে এই ধরনের অগ্নিকাণ্ডের ঘটনায় সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে তীব্র ক্ষোভে ও আশঙ্কার সৃষ্টি হয়েছে। কেন বারবার এই একই জায়গায় আগুন লাগছে, সেই সুরক্ষা নিয়ে বড়সড় প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা।
অতীতের কিছু বড় অগ্নিকাণ্ডের ঘটনা
ধূপগুড়ি বাজারে পূর্বেও ঘটেছে। একাধিকবার ভয়াবহ আগুন লেগেছে, যা ব্যবসায়ীদের বড়সড় ক্ষতির মুখে ফেলেছে।
মার্চ ২০২৩ (দোল উৎসব): দোলের দিন দুপুরে সুপার মার্কেটে ভয়াবহ আগুনে ১৭টি দোকান ও গুদাম পুড়ে ভস্মীভূত হয়েছিল। মূলত শর্ট সার্কিট থেকেই সেই আগুন লেগেছিল বলে মনে করা হয়েছিল।
অক্টোবর ২০২৩: লক্ষ্মী পুজোর আগে একটি কাপড়ের দোকান থেকে আগুন ছড়িয়ে প্রায় ১২টি দোকান ক্ষতিগ্রস্ত হয় ।
মার্চ ২০২২: সুপার মার্কেটে সিলিন্ডার বিস্ফোরণ ও আগুনে প্রায় ১২টি দোকান পুড়ে গিয়েছিল ।
ডিসেম্বর ২০২০: ধূপগুড়ি বাজারের ইতিহাসে সবচেয়ে বড় অগ্নিকাণ্ড ঘটেছিল এই সময়ে, যেখানে গভীর রাতে প্রায় ১৫০টি দোকান পুড়ে ছাই হয়ে গিয়েছিল ।
জানুয়ারি ২০১৮: নতুন বছরের প্রাক্কালে রেগুলেটেড মার্কেটে আগুনে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছিল। সেই সময়েও ব্যবসায়ীরা নাশকতার অভিযোগ তুলেছিলেন।
স্বাভাবিকভাবেই, একের পর এক এমন অগ্নিকান্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বারবার। তবে রহস্যের উদ্ধার সম্ভব হয়নি এখনো তবে এখন দেখার বিষয় এবারেও এই ভয়াবহ অগ্নিকান্ডের আসল কারণ জানা সম্ভব হবে কিনা।

