নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক: কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগের পথ বিদ্যাসাগর সেতু বন্ধ থাকছে টানা ১২ ঘণ্টা। জরুরি মেরামত ও পুনর্বাসন কাজের জন্য আগামী রবিবার, ৮ ফেব্রুয়ারি ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত সেতু দিয়ে সমস্ত যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
হুগলি রিভার ব্রিজ কমিশনার অথরিটির তত্ত্বাবধানে এই কাজ করা হবে বলে জানানো হয়েছে। সূত্রের খবর, সেতুর স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বেয়ারিং প্রতিস্থাপন—এই গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত কাজগুলির জন্যই এই সাময়িক বন্ধের সিদ্ধান্ত।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কাজ চলাকালীন সময়ে সেতুর ওপর দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করবে না। তবে সাধারণ মানুষের যাতায়াতে যাতে বড় ধরনের সমস্যা না হয়, সে জন্য আগেই বিকল্প রুট নির্ধারণ করেছে কলকাতা পুলিশের ট্রাফিক বিভাগ।
ট্রাফিক পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে,
বিদ্যাসাগর সেতু বন্ধ থাকলেও শহরের যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে। হাওড়া ও কলকাতার মধ্যে যাতায়াতের জন্য হাওড়া ব্রিজ, নবান্ন সংযোগকারী রাস্তাসহ একাধিক বিকল্প পথ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের তরফে সাধারণ মানুষকে ওই দিন বিদ্যাসাগর সেতু এড়িয়ে চলার অনুরোধ জানানো হয়েছে এবং সময় হাতে নিয়ে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।

