আলিপুরদুয়ারে অবশেষে খাঁচাবন্দি পূর্ণবয়স্ক চিতাবাঘ, স্বস্তিতে সাঁতালি চা বাগান বাসীন্দা
নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার: দীর্ঘদিনের হাড়হিম করা আতঙ্ক কাটিয়ে অবশেষে স্বস্তির নিঃশ্বাস ফেলল আলিপুরদুয়ারের সাঁতালি এলাকার বাসিন্দারা। বুধবার ভোরে বনদপ্তরের পাতা খাঁচায় ধরা পড়ল একটি বিশাল আকৃতির পূর্ণবয়স্ক চিতাবাঘ।
স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই সাঁতালি চা বাগান ও সংলগ্ন এলাকায় একটি চিতাবাঘের উপদ্রব লক্ষ্য করা যাচ্ছিল। গবাদি পশুর পাশাপাশি মানুষের ওপরেও আক্রমণের ঘটনা ঘটে। সম্প্রতি চিতাবাঘের হামলায় এক স্থানীয় বাসিন্দা গুরুতরভাবে জখম হন। এই ঘটনার পর থেকে ক্ষোভ ও আতঙ্কে ফুঁসছিল গোটা গ্রাম। এলাকাবাসীর নিরাপত্তার কথা মাথায় রেখে এবং তাঁদের ক্রমাগত দাবির মুখে বনদপ্তরের পক্ষ থেকে ওই এলাকায় একটি টোপ সহ খাঁচা বসানো হয়।
অবশেষে বুধবার ভোরে স্থানীয়রা দেখতে পান যে, সেই ত্রাস সৃষ্টিকারী চিতাবাঘটি খাঁচাবন্দি হয়েছে। খবর চাউর হতেই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে, বাঘ দেখতে ভিড় জমান উৎসাহী মানুষ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বন দপ্তরের কর্মীরা। অত্যন্ত তৎপরতার সাথে তাঁরা খাঁচাবন্দি চিতাবাঘটিকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী পশু হাসপাতালে নিয়ে যান।
বনদপ্তর বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, চিতাবাঘটি বর্তমানে সুস্থ রয়েছে। তবে নিয়ম মেনে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার পরেই সেটিকে লোকালয় থেকে দূরে কোনো গভীর জঙ্গলে ছেড়ে দেওয়া হবে।
ঘটনায় স্বস্তি ফিরলেও এখনো একরাশ আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে স্থানীয়দের। তাঁদের আশঙ্কা, জঙ্গলে আরও চিতাবাঘ থাকতে পারে যা আবারও হামলা করতে পারে। তবে বনদপ্তর থেকে স্থানীয় বাসিন্দাদের আশ্বস্ত করা হয়েছে যে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা হবে এবং যথাযথ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হবে যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে।

