ছোট প্রতিমার চাহিদা বেশি, কাঁচামালের দাম বাড়ায় প্রতিমার খরচেও প্রভাব
নিউজ ইন্ডিয়া, কোলকাতা |২২ জানুয়ারি, ২০২৬ : সরস্বতী পূজা যত এগিয়ে আসছে, ততই ব্যস্ততা বাড়ছে প্রতিমা শিল্পীদের পাড়ায়। উত্তর কলকাতার কুমোরটুলি থেকে শুরু করে দক্ষিণ কলকাতা ও জেলার বিভিন্ন প্রতিমা তৈরির কেন্দ্রে এখন শেষ মুহূর্তের কাজ চলছে পুরোদমে। স্কুল, কলেজ, কোচিং সেন্টার ও পাড়ার ক্লাবগুলির অর্ডারে ব্যস্ত শিল্পীরা। শিল্পীদের দাবি, এ বছর সরস্বতী পূজার ঠাকুরের চাহিদা গত বছরের তুলনায় বেশ কিছুটা বেড়েছে, যদিও খরচের চাপও কম নয়।
কুমোরটুলির শিল্পীদের সঙ্গে কথা বলে জানা গেছে, ছোট আকারের সরস্বতী প্রতিমার চাহিদাই এবার বেশি। বিশেষ করে স্কুল ও বেসরকারী টিউশন সেন্টারগুলির জন্য দুই থেকে তিন ফুট উচ্চতার ঠাকুরের অর্ডার বেশি এসেছে। এই ধরনের প্রতিমার দাম শুরু হচ্ছে প্রায় ১,৫০০ টাকা থেকে। নকশা, রঙ ও সাজসজ্জা অনুযায়ী সেই দাম পৌঁছচ্ছে ৩,৫০০ থেকে ৪,০০০ টাকা পর্যন্ত।
অন্যদিকে, কলেজ ও বড় ক্লাবগুলির জন্য চার থেকে ছয় ফুট উচ্চতার সরস্বতী প্রতিমার অর্ডারও কম নয়। এই বড় মাপের ঠাকুরের দাম সাধারণত ৬,০০০ টাকা থেকে শুরু হয়ে ১০,০০০ থেকে ১২,০০০ টাকা পর্যন্ত যাচ্ছে। শিল্পীদের মতে, মুকুট, থর্মকলের কাজ ও থিমভিত্তিক সাজ থাকলে খরচ আরও কিছুটা বাড়ছে।
প্রতিমা শিল্পীরা জানাচ্ছেন, এ বছর কাঁচামালের দাম বেড়েছে। খড়, মাটি, রং ও সাজসজ্জার উপকরণের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে প্রতিমার মোট খরচে। এক শিল্পীর কথায়, “আগের বছর যে ঠাকুর ৫,০০০ টাকায় বিক্রি করা যেত, এ বছর সেটাই ৫,৫০০ থেকে ৬,০০০ টাকার নিচে করা মুশকিল। তবু ক্রেতাদের কথা ভেবে যতটা সম্ভব দাম নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছি।”
সরস্বতী পূজাকে ঘিরে শুধু প্রতিমা নয়, আনুষঙ্গিক সামগ্রীর বাজারও জমে উঠেছে। কলেজ স্ট্রিট, গড়িয়াহাট ও শিয়ালদহ এলাকার দোকানগুলিতে বই, খাতা, কলমের পাশাপশি গাঁদা ফুল ও সাদা-হলুদ পোশাকের বিক্রি বেড়েছে। ব্যবসায়ীদের দাবি, গত কয়েকদিনে বিক্রি উল্লেখযোগ্য হারে বেড়েছে।
তবে শিল্পীরা জানাচ্ছেন, শেষ মুহূর্তে অর্ডার বাতিল বা দামে দরকষাকষির চাপ এখনও রয়েছে। সরস্বতী পূজা তাঁদের কাছে বছরের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এই পুজোর ওপর নির্ভর করেই বহু শিল্পীর সংসার চলে।
সব মিলিয়ে, বিদ্যার দেবীর আরাধনাকে ঘিরে এখন শহর ও জেলার বাজারে ব্যস্ততার ছবি স্পষ্ট। ঠাকুর তৈরির শেষ তুলির টানে বোঝা যাচ্ছে—সরস্বতী পূজার প্রস্তুতিতে মেতে উঠেছে গোটা বাংলা।

