নিপা ভাইরাস নিয়ে আতঙ্ক বাড়লেও মধ্যমগ্রামের বাদুড়তলায় বাদুড়–মানুষের সহাবস্থান, নেই কোনও সতর্কতা

NEWS INDIA বাংলা
0
নিজস্ব চিত্র 

বিশেষ প্রতিবেদন,নিউজ ইন্ডিয়া:- বারাসতের একটি বেসরকারি হাসপাতালে নিপা ভাইরাসে আক্রান্ত হয়ে দুই নার্সের চিকিৎসাধীন থাকার খবর সামনে আসতেই নড়েচড়ে বসেছে রাজ্য স্বাস্থ্য দপ্তর। বাদুড়ের ঠোকরানো ফল কিংবা দূষিত ফলের রস থেকেই সাধারণত নিপা ভাইরাস ছড়ায় বলে জানিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণ নিয়ে মুখ্যমন্ত্রী নিজেও সাধারণ মানুষকে সতর্ক থাকার আবেদন জানিয়েছেন।
নিপা নিয়ে যখন শহর ও শহরতলিতে উদ্বেগ বাড়ছে, ঠিক তখনই তার উল্টো ছবি ধরা পড়ল মধ্যমগ্রামের বাদুড়তলায়। বছরের পর বছর ধরে হাজার হাজার বাদুড়ের সঙ্গে দিব্যি সহাবস্থানে রয়েছেন এলাকার বাসিন্দারা। নিপা সংক্রমণের খবর জানা সত্ত্বেও সেখানে দেখা গেল না বিশেষ কোনও সতর্কতা বা আতঙ্ক।
প্রায় ২০০ বছরের প্রাচীন একটি বিশাল বটগাছের শাখা-প্রশাখা পরিণত হয়েছে মহীরুহে। সেই গাছেই আশ্রয় নিয়েছে প্রায় সহস্রাধিক বাদুড়। এই কারণেই এলাকাটি পরিচিত 'বাদুড়তলা’ নামে।
মধ্যমগ্রাম চৌমাথা থেকে বাদু রোড ধরে আবদালপুর পেরোলেই পড়ে পাটুলি বাদুড়তলা, পুরসভার ৩ নম্বর ওয়ার্ড। চারপাশে ঘনবসতি, মূলত সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বসবাস। বটগাছের ডাল থেকে ঝুলে থাকা বাদুড়, তাদের ডাক, সন্ধ্যার আজানের পর উড়ে যাওয়া এবং ভোরে ফিরে আসা।সবই যেন এলাকাবাসীর কাছে চেনা ছবি।
মঙ্গলবার এলাকায় গিয়ে দেখা যায়, বট গাছের পাশে থাকা একটি বাড়ির সামনে বসে সেলাইয়ের কাজ করছেন তানজিরা খাতুন। রাস্তায় মানুষের যাতায়াত স্বাভাবিক, কারও মুখে নেই মাস্ক।
স্থানীয় বাসিন্দা আনসার আলী বলেন, “বারাসতে দুই জন আক্রান্ত হয়েছে শুনেছি। কিন্তু এখানে বাদুড়ের সঙ্গে থাকতে আমাদের কোনও সমস্যা হয়নি। আগে যেমন ছিল, এখনও তেমনই আছে। কখনও কারুর ক্ষতি করেনি এরা”।

আর এক বাসিন্দা আব্দুল শেখ বলেন, “আমাদের বাপ-ঠাকুরদার আমল থেকেই এই বটগাছ আর পাশের আমগাছে বাদুড় রয়েছে। বিষয়টা আমাদের কাছে স্বাভাবিক হয়ে গিয়েছে।”
এই প্রসঙ্গে মধ্যমগ্রাম পুরসভা সূত্রে জানা গিয়েছে, বাদুড়তলার ওই বটগাছকে ঘিরে পুরসভার পক্ষ থেকে একটি বায়োডাইভারসিটি পার্ক গড়ে তোলা হয়েছে। সংক্রমণের পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। প্রয়োজনে জেলা স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা করে বাসিন্দাদের সচেতন করতে প্রচার চালানো হবে।

নিপা আতঙ্কের আবহে বাদুড়তলার এই নির্ভার জীবনযাপন এখন প্রশ্ন তুলছে!অভ্যাসই কি মানুষের ভয়ের চেয়েও বড় হয়ে উঠছে?

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!