নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:- শিলিগুড়িতে তৈরি হতে চলেছে দেশের সর্ববৃহৎ মহাকাল মন্দির। শুক্রবার ১৬ই জানুয়ারি বিকেলে আনুষ্ঠানিকভাবে এই মন্দির নির্মাণের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জোর কদমে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতির কাজ। শিলিগুড়ির মাটিগাড়া ব্লকের অন্তর্গত চাঁদমনি এলাকায় মোট ১৮ একর জমির ওপর তৈরি করা হবে মন্দির । মনে করা হচ্ছে এই মন্দির তৈরি হলে উত্তর-পূর্ব ভারতে ধর্মীয় পর্যটন শিল্পে আরও গতি আসবে।
আগামীকাল দু’দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক সূত্রে খবর, শুক্রবার, ১৬ই জানুয়ারি শিলিগুড়ি সংলগ্ন মাটিগাড়ায় প্রস্তাবিত ‘মহাকাল মহাতীর্থ’ বা মহাকাল মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। উত্তরবঙ্গের ধর্মীয় ঐতিহ্য এবং পর্যটনকে এক সুতোয় বাঁধতেই রাজ্য সরকারের এই বিশেষ উদ্যোগ।
ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্র করে মাটিগাড়া ও সংলগ্ন এলাকায় সাজসাজ রব। বুধবার নবান্নের তথ্য ও সংস্কৃতি বিভাগ থেকে এই সফরের আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেখানে জানানো হয়েছে, শুক্রবার বিকেল চারটে নাগাদ মাটিগাড়ায় ওই শিলান্যাস অনুষ্ঠানটি সম্পন্ন হবে। উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ এবং স্থানীয় প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা গত কয়েকদিন ধরেই অনুষ্ঠানস্থলের প্রস্তুতি খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিকে ঘিরে এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে।
মাটিগাড়ার অনুষ্ঠান সেরে মুখ্যমন্ত্রী সোজা চলে আসবেন উত্তর কন্যায়।থাকবেন কন্যাশ্রীতে। পরদিন অর্থাৎ শনিবার জলপাইগুড়ি যাবেন তিনি। সফরের দ্বিতীয় দিন অর্থাৎ ১৭ই জানুয়ারি শনিবার জলপাইগুড়িতে কলকাতা হাই কোর্টের সার্কিট বেঞ্চের নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে। ওই অনুষ্ঠানে দেশের প্রধান বিচারপতি সূর্যকান্ত উপস্থিত থাকতে পারেন বলেই প্রশাসনিক মহলে খবর।
এদিকে শিলিগুড়িতে মহাকাল মন্দির নিয়ে চলছে চর্চা।মহাকাল মন্দির প্রকল্পটিকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে। পর্যটন মানচিত্রে এই মন্দিরটি আগামী দিনে গুরুত্বপূর্ণ স্থান দখল করবে বলে মনে করা হচ্ছে। তবে মন্দিরের জমি নিয়ে বিতর্ক দানা বেধেছে। বিরোধীদের অভিযোগ শিল্পের জন্য নির্দিষ্ট জমিতে মন্দির করছেন মুখ্যমন্ত্রী। এর আগে কলকাতার উপকণ্ঠে নিউ টাউনে দুর্গাঙ্গন তৈরীর শিলান্যাস করেছেন মুখ্যমন্ত্রী, সেই জমিটি ও শিল্পের জন্য বরাদ্দ জমি বলে দাবি বিরোধীদের।
তবে মহাকাল মন্দির তৈরি হলে শিলিগুড়ি এবং মাটিগাড়ার পর্যটন মানচিত্র পুরোপুরি বদলে যাবে বলেই মনে করছে শহরের একাংশ। শিলিগুড়িতে মহাকাল মন্দির এবং জলপাইগুড়িতে কলকাতা হাইকোর্টের সার্কিট বেঞ্চের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ছাড়াও রাজ্যের একাধিক মন্ত্রী এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন। শুক্রবারের এবং শনিবারের এই দুই কর্মসূচি ঘিরে এখন থেকেই শিলিগুড়ি ও জলপাইগুড়িতে পুলিশ ও প্রশাসনিক তৎপরতা তুঙ্গে।

