নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:- নতুন বছরের শুরুতেই বাংলার অন্যতম বৃহৎ ধর্মীয় সমাগম গঙ্গাসাগর মেলায় দেখা মিলল এক ব্যতিক্রমী সাধুর। মহাকুম্ভে ভাইরাল হওয়া ‘আইআইটি বাবা’র পর এবার গঙ্গাসাগরে সামাজিক মাধ্যমে ঝড় তুলেছেন এক সাধু—যাঁকে ঘিরে এখন চর্চা, তিনি ‘লাইট বাবা’।
 |
| নিজস্ব চিত্র |
চেহারা ও উপস্থিতিতে অন্যান্য সাধুদের থেকে সম্পূর্ণ আলাদা এই লাইট বাবা। তাঁর ডান হাত নেই। চোখে চশমা, সারা শরীরে ভস্ম মাখানো, নির্দিষ্ট আসনে বসেই তিনি যেন নিজস্ব এক আবহ তৈরি করে রেখেছেন। তবে সবচেয়ে নজরকাড়া বিষয়, তাঁর শরীরজুড়ে জড়ানো রঙিন আলো। রাতের অন্ধকারে সেই আলোঝলমলে উপস্থিতি দেখে অনেকেরই মনে পড়ছে কোনও রকস্টারের মঞ্চ পারফরম্যান্স।
 |
| নিজস্ব চিত্র |
গঙ্গাসাগর মেলায় লাইট বাবার কুটিরে ভক্তদের ভিড় ক্রমশ বাড়ছে। কেউ আশীর্বাদ নিতে আসছেন, কেউ আবার মোবাইল ক্যামেরায় ছবি ও ভিডিও বন্দি করতে ব্যস্ত। সেই ছবি ও ভিডিও মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ছে সোশ্যাল মিডিয়ায়, আর তাতেই ভাইরাল হয়ে উঠেছেন এই ব্যতিক্রমী সাধু।
 |
| নিজস্ব চিত্র |
উল্লেখ্য, মকর সংক্রান্তি উপলক্ষে শুরু হওয়া গঙ্গাসাগর মেলায় দেশ-বিদেশ থেকে লক্ষ লক্ষ পুণ্যার্থী পুণ্যস্নানের জন্য ভিড় জমাচ্ছেন সাগরদ্বীপে। হাজার হাজার সাধু-সন্ন্যাসী, নাগা সাধু ও অঘোরীদের উপস্থিতিতে মুখরিত গোটা মেলা প্রাঙ্গণ। সেই বিপুল ভিড়ের মাঝেই নিজের অভিনব উপস্থিতি ও আলোঝলমলে রূপে আলাদা করে নজর কেড়েছেন ‘লাইট বাবা’।