![]() |
| বক্সা জঙ্গলে ক্যামেরাবন্দি বিরল মেঘচিতাবাঘ |
বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, যে এলাকায় মেঘচিতাবাঘের উপস্থিতি ধরা পড়েছে, সেখানে সাধারণত এই প্রজাতির দেখা মেলে না। ফলে এই ছবি বনকর্তাদের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই ওই ছবি প্রকাশ্যে এসেছে এবং বনকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয়েছে।
বক্সা টাইগার রিজার্ভের এক আধিকারিক জানিয়েছেন, অল ইন্ডিয়া টাইগার কাউন্টিং কর্মসূচির অংশ হিসেবে চলতি ক্যামেরা ট্র্যাপিংয়ের প্রথম দফাতেই এই বিরল সাফল্য মিলেছে। তাঁর মতে, এই আবিষ্কার স্পষ্টভাবে প্রমাণ করছে যে বক্সা জঙ্গলের জীববৈচিত্র্য অত্যন্ত ভালো অবস্থায় রয়েছে এবং মেঘচিতাবাঘের সংখ্যাও ধীরে ধীরে বাড়ছে।
উল্লেখযোগ্যভাবে, চলতি বছরের ১৫ জানুয়ারি বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় একটি রয়্যাল বেঙ্গল টাইগার-এর ছবিও ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়ে। এর আগেও ২০২১ ও ২০২৩ সালে একইভাবে বাঘের উপস্থিতি ক্যামেরাবন্দি হয়েছিল। দীর্ঘ সময় পর ফের বাঘের নিয়মিত উপস্থিতি বন দপ্তরের কাছে আশাব্যঞ্জক হয়ে উঠেছে। তার মধ্যেই এবার অতিবিরল মেঘচিতাবাঘের হদিশ মিলল।
মাংসাশী ও নিশাচর এই বিড়াল প্রজাতির প্রাণীটি মূলত উঁচু গাছে ওঠায় অত্যন্ত দক্ষ। সাধারণত গাছেই সময় কাটালেও শিকারের প্রয়োজনে মাটিতে নেমে আসে মেঘচিতা। প্যাঙ্গোলিন, বড় ইঁদুর এবং অন্যান্য ছোট স্তন্যপায়ী প্রাণী এদের খাদ্যতালিকায় রয়েছে।
পাহাড়ঘেঁষা বক্সা ব্যাঘ্র প্রকল্প এলাকায় আগেও একাধিকবার মেঘচিতাবাঘের উপস্থিতির প্রমাণ মিলেছে। সেই কারণেই বন দপ্তর ইতিমধ্যেই এই বনাঞ্চলে মেঘচিতাবাঘ সংরক্ষণের জন্য পাঁচ বছরের বিশেষ প্রকল্প গ্রহণ করেছে। এবার সমতল এলাকাতেও এই প্রাণীর উপস্থিতি ধরা পড়ায় বনকর্তারা আরও আশাবাদী।

