দেশের চার প্রান্ত থেকে অংশগ্রহণকারী, Kartavya Path-এ চূড়ান্ত রিহার্সাল ও কড়া নিরাপত্তা ব্যবস্থা।
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপনকে কেন্দ্র করে রাজধানী দিল্লিতে প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। Kartavya Path (পূর্বতন রাজপথ) জুড়ে চলছে প্যারেড, ট্যাবলো ও সাংস্কৃতিক পরিবেশনার চূড়ান্ত রিহার্সাল। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের প্রজাতন্ত্র দিবসের প্যারেডে দেশের বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল ও মন্ত্রণালয়ের অংশগ্রহণে মোট ৩০টি ট্যাবলো প্রদর্শিত হবে।
সরকারি সূত্র অনুযায়ী, এই ৩০টি ট্যাবলোর মধ্যে ১৭টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল এবং ১৩টি বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রণালয় ও দপ্তরের ট্যাবলো থাকবে। প্রতিটি ট্যাবলোতেই দেশের সাংস্কৃতিক ঐতিহ্য, উন্নয়নমূলক প্রকল্প ও ‘উন্নত ভারত’-এর ভাবনাকে তুলে ধরা হবে।
এই অনুষ্ঠানে অংশ নিতে দেশের পূর্ব, পশ্চিম, উত্তর ও দক্ষিণ ভারতের বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী, শিক্ষার্থী, ব্যান্ড দল এবং সামরিক বাহিনীর সদস্যরা দিল্লিতে উপস্থিত হচ্ছেন। স্কুল ব্যান্ড প্রতিযোগিতার জাতীয় স্তরের বিজয়ী দলগুলিও প্যারেডে পরিবেশনা করবে বলে জানা গেছে। পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বায়ুসেনার বিভিন্ন ব্যান্ড ও কন্টিনজেন্টও অংশ নেবে।
সরকারি তথ্য অনুযায়ী, এবছর প্রজাতন্ত্র দিবসের মূল অনুষ্ঠানে প্রায় ১০,০০০ বিশেষ অতিথি ও দর্শকের উপস্থিতি থাকতে পারে। এই অতিথিদের মধ্যে থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তি, সমাজকর্মী, ক্রীড়াবিদ, শিল্পী, শিক্ষক ও সাধারণ নাগরিকরা, যাঁরা দেশের উন্নয়নে ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এবছরের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রণ (Invitation) পাঠানো হয়েছে বিভিন্ন শ্রেণির মানুষকে। এর মধ্যে রয়েছেন— বিভিন্ন রাজ্যের নির্বাচিত প্রতিনিধি ও প্রশাসনিক আধিকারিকরা, সেনা ও আধাসামরিক বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া ও সমাজসেবায় অবদান রাখা ব্যক্তিত্ব,স্কুল ও যুব সমাজের প্রতিনিধিরা এছাড়াও বিদেশি কূটনৈতিক প্রতিনিধি এবং কেন্দ্রীয় সরকারের শীর্ষ আধিকারিকদের উপস্থিতির সম্ভাবনাও রয়েছে ।
প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লি জুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। দিল্লি পুলিশ, কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ও অন্যান্য সংস্থা যৌথভাবে নিরাপত্তার দায়িত্বে রয়েছে। প্যারেডের দিন এবং ড্রেস রিহার্সালের সময় শহরের বিভিন্ন রাস্তায় যান চলাচলে নিয়ন্ত্রণ ও ডাইভারশন কার্যকর থাকবে।
সব মিলিয়ে, ৭৭তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিল্লিতে এক বর্ণাঢ্য ও সুসংগঠিত অনুষ্ঠানের প্রস্তুতি সম্পন্ন হচ্ছে। দেশের নানা প্রান্ত থেকে আসা অংশগ্রহণকারী, ৩০টি ট্যাবলো এবং হাজার হাজার অতিথির উপস্থিতিতে এবছরের প্রজাতন্ত্র দিবস উদযাপন জাতীয় ঐক্য ও সংস্কৃতির এক অনন্য চিত্র তুলে ধরবে।

