রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিল রাজ্য সরকার। আগামী বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বেই পেশ হতে পারে পঞ্চায়েত আইনের সংশোধনী বিল। এই বিল কার্যকর হলে পঞ্চায়েত প্রধানদের আর্থিক ক্ষমতায় বড় পরিবর্তন আসতে পারে।
রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ জানিয়েছেন, পঞ্চায়েতে উন্নয়নমূলক প্রকল্পের অর্থ লেনদেনের দায়িত্ব আর প্রধানদের হাতে থাকবে না। পরিবর্তে সেই দায়িত্ব দেওয়া হবে সংশ্লিষ্ট পঞ্চায়েত সচিব ও প্রশাসনিক আধিকারিকদের হাতে। তাঁর দাবি, পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগের জেরে সরকারের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই আর্থিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়াতেই এই আইনি পরিবর্তনের উদ্যোগ নেওয়া হচ্ছে।
বর্তমানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অর্থ ছাড় ও বিল অনুমোদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন পঞ্চায়েত প্রধানরা। নতুন বিল পাশ হলে সেই আর্থিক ক্ষমতা প্রশাসনিক আধিকারিকদের হাতে স্থানান্তরিত হবে বলে জানা গিয়েছে।
অতীতে আবাস যোজনা, ১০০ দিনের কাজসহ একাধিক প্রকল্পে আর্থিক অনিয়মের অভিযোগ সামনে এসেছিল। সেই অভিজ্ঞতার ভিত্তিতেই নতুন সরকার আর্থিক লেনদেনের পদ্ধতিতে পরিবর্তন আনতে চাইছে বলে প্রশাসনিক সূত্রের দাবি।
উল্লেখ্য, আগামী ১৭ জুলাই থেকে ২৫ জুলাই পর্যন্ত বিধানসভার বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব চলবে। এই অধিবেশনেই পঞ্চায়েত আইনের সংশোধনী বিল পেশ হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি ২২ জুলাই বিধানসভায় স্বরাষ্ট্র দফতরের বাজেটও পেশ করা হবে।

