ORACLE-এ বড় ছাঁটাই! ভারতে হাজার হাজার কর্মী চাকরি হারালেন
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :প্রযুক্তি দুনিয়ায় বড়সড় ধাক্কা। মার্কিন প্রযুক্তি সংস্থা Oracle Corporation-এ শুরু হয়েছে ব্যাপক ছাঁটাই।
সংস্থার অভ্যন্তরীণ সূত্রে জানা গিয়েছে, ভারতে ইতিমধ্যেই প্রায় ১২,০০০ কর্মীকে ছাঁটাই করা হয়েছে। পাশাপাশি আগামী এক মাসের মধ্যে আরও এক দফা ছাঁটাই হতে পারে বলেও আশঙ্কা করছেন কর্মীদের একাংশ।
বিশ্বজুড়ে এই সংখ্যা প্রায় ৩০,০০০-এ পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে, যা সাম্প্রতিক সময়ে প্রযুক্তি শিল্পে অন্যতম বড় ছাঁটাই হিসেবে ধরা হচ্ছে।
ভারতে ওরাকলের কর্মী সংখ্যা প্রায় ৩০,০০০। সেই হিসাবে কর্মী বাহিনীর একটি বড় অংশ এই ছাঁটাইয়ের আওতায় এসেছে বলে অভিযোগ। বিশেষ করে মানবসম্পদ (HR) বিভাগ-সহ একাধিক শাখায় এর প্রভাব পড়েছে।
যদিও সংস্থার তরফে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি, তবে একটি অভ্যন্তরীণ ইমেলে বলা হয়েছে—সংগঠনগত পুনর্গঠনের কারণে কিছু পদ ‘অপ্রয়োজনীয়’ হয়ে পড়েছে। সেই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইমেলে কর্মীদের উদ্দেশ্যে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমান ব্যবসায়িক প্রয়োজন অনুযায়ী তাঁদের পদ বাতিল করা হয়েছে এবং সংশ্লিষ্ট দিনটিই তাঁদের শেষ কর্মদিবস হিসেবে গণ্য হবে।
সব মিলিয়ে, প্রযুক্তি শিল্পে এই ছাঁটাই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে। বিশেষজ্ঞদের মতে, বিশ্বব্যাপী অর্থনৈতিক চাপ এবং সংস্থার কাঠামোগত পরিবর্তনের ফলেই এমন সিদ্ধান্ত সামনে আসছে।

