হাসপাতালে ভর্তি সোনিয়া গান্ধী, বুকে ব্যথার পর চিকিৎসাধীন
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি কংগ্রেস সভানেত্রী Sonia Gandhi। মঙ্গলবার গভীর রাতে বুকে ব্যথা অনুভব করায় দ্রুত দিল্লির Sir Ganga Ram Hospital-এ নিয়ে যাওয়া হয় তাঁকে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বর্তমানে তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে তাঁকে।
সূত্রের খবর, হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তাঁর পাশে রয়েছেন কন্যা Priyanka Gandhi। পাশাপাশি কংগ্রেসের একাধিক শীর্ষ নেতা হাসপাতালে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিচ্ছেন।
উল্লেখ্য, বিগত কয়েক বছর ধরেই একাধিক শারীরিক সমস্যায় ভুগছেন সোনিয়া গান্ধী। দীর্ঘদিনের ক্রনিক কাশি, শ্বাসযন্ত্রের সমস্যা এবং পেটের জটিলতার কারণে তাঁকে বারবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। চলতি বছরের জানুয়ারিতেও একই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
এর আগে গত বছর জুন মাসে তলপেটের সংক্রমণের কারণেও তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। এমনকি সিমলা সফরের সময়ও হঠাৎ অসুস্থ হয়ে স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিতে হয় তাঁকে।
ডিসেম্বরে ৭৯ বছরে পা দিয়েছেন এই প্রবীণ নেত্রী। তাঁর স্বাস্থ্য নিয়ে উদ্বেগে রয়েছেন দলীয় কর্মী ও সমর্থকেরা। তবে আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল থাকায় কিছুটা স্বস্তি ফিরেছে।

.png)