পাটুলিতে রক্তাক্ত রাত! ছাদে আড্ডার মাঝে গুলি-বোমায় মৃত্যু যুবকের
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক : ভোটের আবহে ফের রক্তাক্ত Patuli। বুধবার গভীর রাতে গুলিবর্ষণ ও বোমাবাজির ঘটনায় মৃত্যু হল এক যুবকের, আহত আরও একজন।
মৃতের নাম রাহুল দে (৩৬)। আহত হয়েছেন জিৎ মুখোপাধ্যায়। ঘটনাটি ঘটেছে কলকাতা পুরসভার ১০১ নম্বর ওয়ার্ডে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে একটি অনুষ্ঠানে যোগ দিতে জিৎ মুখোপাধ্যায়ের বাড়িতে গিয়েছিলেন রাহুল। এরপর বাড়ির ছাদে কয়েকজন মিলে আড্ডা চলছিল। সেই সময় মদ্যপানও হচ্ছিল বলে অভিযোগ।
রাত সাড়ে বারোটা নাগাদ আচমকাই গুলির শব্দে চমকে ওঠেন এলাকার বাসিন্দারা। প্রত্যক্ষদর্শীদের দাবি, পরপর তিন রাউন্ড গুলি চালানো হয় এবং সঙ্গে বোমাবাজির ঘটনাও ঘটে। আতঙ্কে ছাদে উপস্থিত অন্যরা সেখান থেকে পালিয়ে যান।
ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয় কার্তুজের খোল। গুরুতর জখম অবস্থায় রাহুল ও জিৎকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা রাহুল দে-কে মৃত ঘোষণা করেন। জিৎ মুখোপাধ্যায়ের চিকিৎসা চলছে।
তদন্তে উঠে আসছে একাধিক তথ্য। জানা গিয়েছে, ২০২১ সালের পর থেকে জিৎ এলাকা ছেড়ে বাইরে ছিলেন এবং তাঁর বিরুদ্ধে একাধিক অসামাজিক কার্যকলাপের অভিযোগ রয়েছে।
প্রথমদিকে তিনি স্থানীয় তৃণমূল কাউন্সিলর Bappaditya Dasgupta-র ঘনিষ্ঠ ছিলেন। পরে তাঁর নাম ভাঙিয়ে বেআইনি কাজের অভিযোগ ওঠে। এমনকি কাউন্সিলর নিজেও তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছিলেন বলে সূত্রের দাবি।
সম্প্রতি, প্রায় ১৫-২০ দিন আগে জিৎ ফের পাটুলির ফুলবাগান এলাকায় তাঁর বাবা-মায়ের ফ্ল্যাটে থাকতে শুরু করেন। পরিবারের দাবি, তিনি কেবল তাঁদের দেখাশোনার জন্যই এসেছিলেন।
এই ঘটনার জেরে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।

.png)