বসিরহাটে ভোটার তালিকা থেকে নাম বাদ! আগুন জ্বালিয়ে বিক্ষোভ গ্রামবাসীদের
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক :ভোটের আগে উত্তপ্ত উত্তর ২৪ পরগনার Basirhat। ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার অভিযোগে রাস্তায় নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করা হয় একাধিক জায়গায়।
ঘটনাটি ঘটেছে বসিরহাট উত্তর বিধানসভা কেন্দ্রের ২ নম্বর ব্লকের বেগমপুর-বিবিপুর গ্রাম পঞ্চায়েতের বুনোরাটি ও বড়গোবরা এলাকায়। অভিযোগ, দুটি বুথ মিলিয়ে কয়েকশো ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে।
স্থানীয়দের দাবি, বুনোরাটির ২ নম্বর বুথ থেকে ১৪২ জন এবং বড়গোবরা এলাকার ৩ নম্বর বুথ থেকে ২৫৫ জনের নাম বাদ গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
ক্ষুব্ধ গ্রামবাসীরা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং আগুন জ্বালিয়ে অবরোধ করেন। তাঁদের অভিযোগ, পরিকল্পিতভাবে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে এবং এর পিছনে রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে।
বিক্ষোভকারীরা নির্বাচন কমিশনের বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন এবং দ্রুত ভোটার তালিকায় নাম ফিরিয়ে দেওয়ার দাবি জানান। এমনকি হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি না মানা হলে এলাকায় কোনও স্কুলে ভোটের বুথ করতে দেওয়া হবে না।
এদিকে, বুথ লেভেল অফিসার (BLO) জানিয়েছেন, কিছু নাম ‘বিচারাধীন’ ছিল। ৯১০ জন ভোটারের মধ্যে ২১২ জনের নাম যাচাইয়ের তালিকায় ছিল, সেখান থেকে ১৪২ জনের নাম বাদ পড়েছে। তিনি বলেন, ট্রাইব্যুনালের মাধ্যমে পুনরায় নাম অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া রয়েছে।
গত কয়েকদিন ধরে বসিরহাটের একাধিক এলাকায় একই অভিযোগ উঠছে। কোথাও রাস্তা অবরোধ, কোথাও সরকারি দপ্তরে বিক্ষোভ—ভোটার তালিকা ঘিরে উত্তেজনা ক্রমশ বাড়ছে।
প্রশাসনের তরফে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার আশ্বাস দেওয়া হলেও সাধারণ মানুষের মধ্যে এখনও উদ্বেগ কাটেনি।

