রেলে প্রযুক্তির বিপ্লব! বিশাখাপত্তনম স্টেশনে দুই কুখ্যাত খুনিকে পাকড়াও করল ‘রোবোকপ’ অর্জুন

NEWS INDIA বাংলা
0

রেল স্টেশনে অপরাধী শনাক্তকারী এআই রোবট 'অর্জুন'।

 নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: মানুষের নজর এড়ালেও যন্ত্রের চোখ এড়ানো দায়! বিশাখাপত্তনম রেল স্টেশনে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) প্রযুক্তির কামাল। রেলের বিশেষ ‘রোবোকপ’ বা রোবট-পুলিশ ‘অর্জুন’-এর তৎপরতায় ধরা পড়ল দুই কুখ্যাত দুষ্কৃতী হড়পা শিব ও তার সহযোগী বাঙ্গারু। লোকচক্ষুর আড়ালে ভিড়ের মধ্যে লুকিয়ে থাকলেও রোবটের ফেশিয়াল রেকগনিশন সিস্টেমের কাছে হার মানতে হল দাগি অপরাধীদের।

বৃহস্পতিবার বিশাখাপত্তনম স্টেশনের কন্ট্রোল রুমের দায়িত্বে ছিলেন আরপিএফের হেড কনস্টেবল বিএস নারায়ণ। হঠাৎই বেজে ওঠে অ্যালার্ট সিস্টেম। রোবট অর্জুনের পাঠানো লাইভ ফিড বিশ্লেষণ করে দেখা যায়, স্টেশনে ঘুরে বেড়াচ্ছে দুই বিপজ্জনক আসামী। কালক্ষেপ না করে ওয়ালটার ডিভিশনের ক্রাইম প্রিভেনশন ডিটেকশন স্কোয়াড এবং স্টেশনের সাব-ইনস্পেক্টর নির্দিষ্ট দিকে রওনা দেন।

এই রোবোকপ অর্জুনের মেমোরিতে পুলিশের খাতায় থাকা দাগি অপরাধীদের তথ্য বা ডেটাবেস আগে থেকেই সেভ করা ছিল। স্টেশনে টহল দেওয়ার সময় অর্জুনের এআই ক্যামেরা প্রতিটি যাত্রীর মুখ স্ক্যান করে ‘রিয়েল টাইম অ্যানালিসিস’ করছিল। অভিযুক্ত হড়পা শিব ও বাঙ্গারু মুখে গামছা দিয়ে নিজেদের লুকানোর চেষ্টা করলেও অর্জুনের অত্যাধুনিক ‘ফেশিয়াল রেকগনিশন সিস্টেম’ তাদের চিনে ফেলে এবং সঙ্গে সঙ্গে কন্ট্রোল রুমকে সতর্ক করে।
কে এই হড়পা শিব?
পুলিশ সূত্রে খবর, ধৃত হড়পা শিব ও তার সহযোগী বাঙ্গারুর বিরুদ্ধে একাধিক খুন, ডাকাতি, ছিনতাই ও চুরির মামলা রয়েছে। স্থানীয় পুলিশ দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল। এদিন ট্রেনের টিকিট ছাড়াই তারা স্টেশনে প্রবেশ করেছিল। পালানোর চেষ্টা করলেও রেলরক্ষীরা তাদের ধরে ফেলে রেল পুলিশের হাতে তুলে দেন।

২০২৬-’২৭-এর বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন রেলের নিরাপত্তা খাতে এআই প্রযুক্তির ওপর বিশেষ জোর দিয়েছেন। বিশাখাপত্তনমের এই সাফল্য রেলের কর্তাদের উৎসাহ আরও বাড়িয়ে দিয়েছে। রেল সূত্রে খবর, আগামী দিনে পশ্চিমবঙ্গের হাওড়া, শিয়ালদহ এবং নিউ জলপাইগুড়ির মতো গুরুত্বপূর্ণ ও ব্যস্ত স্টেশনগুলোতেও এই ‘রোবোকপ’ মোতায়েন করার পরিকল্পনা রয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!