দুপুরে কেঁপে উঠল কলকাতা, আতঙ্কে রাস্তায় মানুষ
নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:ফের ভূমিকম্পে কেঁপে উঠল কলকাতা। শুক্রবার দুপুরে আচমকাই প্রবল কম্পনে দুলে ওঠে শহর এবং তার পার্শ্ববর্তী এলাকা। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া, হাওড়া সহ একাধিক জেলায় এই কম্পন অনুভূত হয়।
রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৫। দুপুর ১টা ২২ মিনিট নাগাদ শুরু হয় এই কম্পন, যা প্রায় ৪৫ সেকেন্ড স্থায়ী হয়। ভূমিকম্পের কেন্দ্র ছিল মাটির প্রায় ১০ কিলোমিটার গভীরে।
নবান্ন থেকে বিধানসভা, হাইকোর্ট থেকে সেক্টর ফাইভ — কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় কম্পন অনুভূত হয়। আচমকা দুলতে থাকে সিলিং ফ্যান এবং দেয়ালে টাঙানো ছবি। বহুতল ভবনেও স্পষ্টভাবে অনুভূত হয় ঝাঁকুনি।
আতঙ্কে বহু মানুষ ঘর ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। বিশেষ করে বহুতলের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গিয়েছে, ভূমিকম্পের উৎসস্থল ছিল বাংলাদেশের সাতক্ষীরা। মিনাক্ষায় একাধিক বাড়িতে ফাটল দেখা গিয়েছে বলেও খবর মিলেছে।
তবে এখনও পর্যন্ত কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকায় বড় কোনও ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

