বিশেষ প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া: মাঝে মাঝে মুখ ভরে ওঠে হাসিতে,মাঝে মাঝে বুকের ভেতর জমে থাকে গভীর কান্না।কখনও মনে হয়—প্রেম এত কম কেন? আবার কখনও ভাবি—অনেক হয়েছে, আর না।এই টানাপোড়েনেই যেন আটকে থাকে আমাদের জীবন, আমাদের সম্পর্ক। পুরনো প্রেম হোক কিংবা নতুন! প্রেম মানেই দুই মনের অটুট মেলবন্ধন।
এই মেলবন্ধনকে টিকিয়ে রাখতে না চায়, এমন মানুষ বোধহয় নেই। সম্পর্ক মানে শুধু ভালোবাসা নয়।তার সঙ্গে জড়িয়ে থাকে অভিমান, রাগ, দুঃখ, মান-অভিমান, আবার মিলনও। এই ওঠাপড়ার মধ্য দিয়েই বয়ে চলে প্রেমের নদী। কখনও সোহাগে, কখনও আহ্লাদে, কখনও ছোট্ট উপহার বা বোঝাপড়ার একটুখানি শব্দেই আবার সবকিছু গলে গিয়ে সম্পর্ককে নতুন করে জুড়ে দেয়।
আর অটুট মেলবন্ধনের কথা উঠলেই বই যেন হয়ে ওঠে এক আক্ষরিক উদাহরণ। বইপ্রেমী হোন বা না হোন প্রচ্ছদের ভেতরে লুকিয়ে থাকা গল্প আর কবিতারা নতুন করে ভালোবাসতে শেখায় জীবনকে। প্রেমের জীবনে যেমন একটি সুন্দর কবিতা বিশেষ মুহূর্তে মন্ত্রমুগ্ধ করতে পারে, তেমনই বিচ্ছেদের দোরগোড়ায় পৌঁছেও হিরহির করে টেনে এনে সোহাগের চাদরে মুড়ে দিতে পারে শব্দের উষ্ণতা।
সেই অনুভূতিরই এক অনবদ্য সংকলন—“সোহাগী আখ্যান”।
২০২৬ সালে আনন্দ প্রকাশন থেকে প্রকাশিত এই বইয়ের লেখক দারোগা সুমিত বৈদ্য। দায়িত্বপ্রাপ্ত সরকারি পদে কঠোর পরিশ্রমের মধ্যেও তাঁর লেখায় বারবার উঁকি দেয় প্রেম, সংবেদনশীলতা আর মানবিকতার ছোঁয়া। “সোহাগী আখ্যান” যেন তারই জ্বলন্ত প্রমাণ। পুলিশ মানেই কেবল কঠোরতা বা রাগী মুখ এই ধারণাকে ভেঙে দিয়ে কবির কলমে উঠে আসে নরম, গভীর প্রেমের ভাষা।
এই বই পুরনো প্রেমে নতুন অক্সিজেন জোগায়, আবার নতুন সম্পর্ককে বটবৃক্ষের মতো মজবুত করে তুলতে পারে। এখানে প্রেম মানে কেবল দুই বিপরীত লিঙ্গের মনের মিলন নয়। প্রেম গড়ে উঠতে পারে সমাজের সঙ্গেও, মানুষের সঙ্গে মানুষের বন্ধনে। সেই বিস্তৃত প্রেমভাবনাকেই কবি নিপুণভাবে তুলে ধরেছেন “সোহাগী আখ্যান”-এ।
একবার পড়ে দেখবেন নাকি? হয়তো শব্দের ভেতরেই খুঁজে পাবেন আপনার নিজের জীবনে প্রেমের গল্প ।
সমস্ত খবরের আপডেট পেতে এখুনি সাবস্কাইব করুন আমাদের YOUTUBE চ্যানেল

