নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া:প্রজাতন্ত্র দিবসের আগাম প্রস্তুতি ও কড়া নিরাপত্তা ব্যবস্থার কারণে ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত টানা ৬ দিন নির্দিষ্ট সময়ে দিল্লির আকাশপথ সম্পূর্ণ বন্ধ রাখা হবে। এই সময়ে দিল্লির আকাশে কোনও বাণিজ্যিক উড়ান চলাচল করবে না।
কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এ বিষয়ে একটি NOTAM (Notice to Airmen) জারি করা হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি—প্রতিদিন সকাল ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত, অর্থাৎ ২ ঘণ্টা ২৫ মিনিট দিল্লির এয়ারস্পেসে কোনও ফ্লাইট ওঠানামা বা উড়ান চালাতে পারবে না।প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজ ঘিরে দেশজুড়ে থাকে ব্যাপক আগ্রহ। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে থাকে সেনাবাহিনীর প্যারেড, রঙিন ট্যাবলো, আধুনিক অস্ত্র প্রদর্শন এবং বিমান বাহিনীর ফ্লাইপাস্ট। এই কুচকাওয়াজের মহড়া ও অন্যান্য প্রস্তুতির কারণেই এমন কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে। এভিয়েশন অ্যানালিটিক্স সংস্থা Cirium-এর মতে, এই সিদ্ধান্তের ফলে প্রায় ৬০০টিরও বেশি ফ্লাইটে প্রভাব পড়তে পারে। কারণ, নির্ধারিত এই সময়কালটি দিল্লি বিমানবন্দরের অন্যতম ব্যস্ত সময়। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি বিশ্বের বহু দেশ থেকে প্রতিদিন বিপুল সংখ্যক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উড়ান দিল্লিতে আসে ও যায়। যাত্রীদের আগাম সতর্ক করতে ৮ দিন আগেই NOTAM জারি করা হয়েছে, যাতে যাত্রীরা সময়সূচি পরিবর্তন বা বিকল্প ব্যবস্থা নিতে পারেন। একই সঙ্গে এয়ারলাইন্স সংস্থাগুলিকেও আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞদের মতে, এই সময়সীমায় একাধিক ফ্লাইট দেরিতে চলতে পারে বা বাতিলও হতে পারে।
যাত্রীদের পরামর্শ দেওয়া হয়েছে, যাত্রার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ ফ্লাইট স্ট্যাটাস জেনে নেওয়ার জন্য।

