বঙ্গ সফরে অমিত শাহ: লক্ষ্য ২০২৬, আজ রাতেই কলকাতায় পা রাখছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী

NEWS INDIA বাংলা
0

 বুথ স্তরের সংগঠন মজবুত করাই মূল লক্ষ্য, উত্তর ও দক্ষিণবঙ্গে কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ




নিজস্ব প্রতিবেদন, নিউজ ইন্ডিয়া ডেস্ক:  ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি আরও জোরদার করতে ফের পশ্চিমবঙ্গে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও বিজেপির সর্বভারতীয় কৌশলবিদ অমিত শাহ। আজ, শুক্রবার রাতেই কলকাতায় পা রাখবেন তিনি। মাত্র এক দিনের ঝটিকা সফরে উত্তর ও দক্ষিণবঙ্গের দুটি গুরুত্বপূর্ণ বিজেপি কর্মী সম্মেলনে যোগ দেবেন শাহ।

নির্বাচনী বিধি ও পরীক্ষার মরশুমের কারণে এবার বড় জনসভা এড়িয়ে দলের সংগঠন, বিশেষ করে বুথ স্তরের কর্মীদের ‘ইলেকশন মোড’-এ আনাই এই সফরের মূল লক্ষ্য বলে বিজেপি সূত্রে জনা যায়।

বিজেপি সূত্রে খবর, শুক্রবার রাত ৮টা ৫ মিনিট নাগাদ কলকাতা বিমানবন্দরে অবতরণ করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেখান থেকে সরাসরি নিউটাউনের একটি নির্ধারিত পাঁচতারা হোটেলে পৌঁছাবেন তিনি। রাতেই রাজ্য বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ রুদ্ধদ্বার বৈঠক রয়েছে শাহের।

এই বৈঠকে রাজ্য সভাপতি, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ কোর কমিটির সদস্যরা উপস্থিত থাকবেন। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের প্রার্থী তালিকা ও নির্বাচনী ইস্তাহার নিয়ে প্রাথমিক রূপরেখা এই বৈঠকেই তৈরি হতে পারে বলে রাজনৈতিক মহলের ধারণা।

একনজরে  শাহের সফরসূচী :- 

▶ শুক্রবার, ৩০ জানুয়ারি

• রাত ৮:০৫: কলকাতা বিমানবন্দরে অবতরণ ।

• রাত ৮:৪৫: নিউটাউনের পাঁচতারা হোটেলে পৌঁছানো ।

• রাত ৯:৩০: রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক ।

▶ শনিবার, ৩১ জানুয়ারি

• সকাল ৯:৪৫: হোটেল থেকে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরের উদ্দেশে রওনা ।

• সকাল ১০:৩০: ব্যারাকপুরের আনন্দপুরী মাঠে দক্ষিণবঙ্গের সাংগঠনিক জেলা স্তরের কর্মী সম্মেলনে ভাষণ ।

• দুপুর ১২:৩০: কলকাতা বিমানবন্দরে প্রত্যাবর্তন ও বাগডোগরার উদ্দেশে যাত্রা ।

• দুপুর ১:৪৫: বাগডোগরা বিমানবন্দরে অবতরণ ।

• দুপুর ২:৩০: শিলিগুড়িতে উত্তরবঙ্গের বিজেপি কর্মী সম্মেলনে যোগদান ।

• বিকেল ৪:৩০: বাগডোগরা থেকে দিল্লির উদ্দেশে রওনা ।


বিজেপি নেতৃত্বের মতে, এই সফর পুরোপুরি ‘অপারেশনাল’। অর্থাৎ, জনসভা নয়—সংগঠনই প্রধান ফোকাস।

১. বুথ স্তরের সংগঠন ‘আমার বুথ, সবচেয়ে মজবুত’—এই স্লোগানকে সামনে রেখে কর্মীদের মাঠে নামার বার্তা দেবেন অমিত শাহ। প্রতিটি বুথে সক্রিয় কর্মী গড়ে তোলাই মূল লক্ষ্য।

 ২. বঙ্গ বিজেপির নির্বাচনী ইস্তাহার তৈরির কাজ কতদূর এগিয়েছে, তার অগ্রগতি রিপোর্ট নেবেন শাহ। রাজ্যের স্থানীয় ইস্যুগুলিকে কতটা গুরুত্ব দেওয়া হচ্ছে, তা নিয়েও আলোচনা হতে পারে।

৩. উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ বুঝতে শিলিগুড়ির বৈঠকে উত্তরবঙ্গের পাহাড় ও সমতলের রাজনৈতিক পরিস্থিতি, গোর্খাল্যান্ড ইস্যু বা স্থায়ী রাজনৈতিক সমাধান (PPS) নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দিতে পারেন তিনি।

ঠিক এক মাসের ব্যবধানে এটি অমিত শাহের দ্বিতীয় বঙ্গ সফর। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, মোদী-শাহ জুটি বারবার বাংলায় এসে স্পষ্ট বার্তা দিচ্ছে—২০২৬ সালের বিধানসভা নির্বাচনকে কোনোভাবেই হালকাভাবে নিচ্ছে না বিজেপি।

আজ রাতের রুদ্ধদ্বার বৈঠক থেকেই আগামী কয়েক মাসের আন্দোলন, কর্মসূচি ও নির্বাচনী কৌশলের রূপরেখা তৈরি হয়ে যেতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!