DA মামলার রায় আজ। সুপ্রিম কোর্টে হাতে রাজ্য সরকারি কর্মীদের ভবিষ্যৎ!
নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া: বুধবার SIR শুনানি পরবর্তীতে, পুনরায় রাজ্য কাঠগড়ায় DA মামলায়। আজ বৃহস্পতিবার রাজ্য সরকারি কর্মীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। সুপ্রিম কোর্টের ১১ নম্বর এজলাসে সকাল সাড়ে ১০টায় ঘোষণা হতে চলেছে বহু প্রতীক্ষিত DA মামলার রায়। বিচারপতি সঞ্জয় কারোল ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে এই রায় ঘোষণা হবে বলে জানা গিয়েছে।
গত বছরের ৮ সেপ্টেম্বর এই মামলার শুনানি শেষ হয়। রাজ্য সরকার ও রাজ্য সরকারি কর্মচারীদের তরফে লিখিত বক্তব্য জমা দেওয়ার পর থেকেই রায়ের অপেক্ষায় ছিলেন কর্মীরা। বর্তমানে রাজ্য সরকারি কর্মীরা হাতে পান ১৮ শতাংশ DA। তবে তাঁদের দাবি, কেন্দ্রীয় সরকারি কর্মীদের মতো অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়া হোক।
এই দাবি ঘিরেই স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল থেকে কলকাতা হাইকোর্ট হয়ে মামলা পৌঁছয় সুপ্রিম কোর্টে। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট স্পষ্টভাবে জানায়—DA রাজ্য সরকারি কর্মীদের অধিকার এবং কেন্দ্রীয় হারে তা পাওয়ার যোগ্য। সেই রায়কেই চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য সরকার।
এর আগে সুপ্রিম কোর্ট রাজ্যকে বকেয়া DA-র ২৫ শতাংশ মিটিয়ে দেওয়ার নির্দেশ দিলেও রাজ্য সরকার সময় চায়। পাশাপাশি রাজ্যের যুক্তি ছিল, DA কোনও মৌলিক অধিকার নয় এবং কেন্দ্র ও রাজ্যের আর্থিক কাঠামো এক নয়।
কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের দাবি অনুযায়ী, ২০২২ সাল থেকে প্রায় ২৫ বার শুনানি মুলতুবি হয়েছে। দীর্ঘ অপেক্ষায় হতাশ হলেও শেষ পর্যন্ত গত বছরের ৭ সেপ্টেম্বর শুনানি শেষ হয়।
উল্লেখযোগ্যভাবে, আজ রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। ফলে বাজেটে DA নিয়ে কোনও ইঙ্গিত মিলতে পারে বলেও আশাবাদী একাংশ কর্মী। তবে আপাতত সকলের নজর সুপ্রিম কোর্টের রায়ের দিকেই।

