মেঘালয়ের অবৈধ কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণ! মৃত অন্তত ১০, আটক বহু শ্রমিকের আশঙ্কা, শুরু উদ্ধারকাজ

NEWS INDIA বাংলা
0

 

মেঘালয়ের কয়লা খনিতে বিস্ফোরণের পর কালো ধোঁয়া এবং উদ্ধারকাজের দৃশ্য।

নিজস্ব সংবাদদাতা, নিউজ ইন্ডিয়া ডেস্ক : উত্তর-পূর্ব ভারতের মেঘালয়ে আবারও মর্মান্তিক দুর্ঘটনা। পূর্ব জৈনন্তিয়া পাহাড়ের তাশখাই এলাকার একটি কয়লা খনিতে ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা। এই ঘটনায় প্রাথমিক খবর অনুযায়ী কমপক্ষে ১০ জন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং একজন গুরুতর আহত হয়ে শিলং হাসপাতালে চিকিৎসাধীন। খনির ভিতরে আরও বহু শ্রমিক আটকে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

বিস্ফোরণ ও উদ্ধারকাজ: বৃহস্পতিবার সকালে এই জোরালো বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণের পরপরই খনি থেকে ঘন কালো ধোঁয়া বের হতে শুরু করে। বাইরে থাকা শ্রমিক ও তাদের পরিবারের সদস্যরা মুহূর্তের মধ্যে খনির মুখে ভিড় জমান। ঘটনাস্থলে পৌঁছেছে মেঘালয় পুলিশ, দমকল এবং বিপর্যয় মোকাবিলা দল। যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ শুরু করা হয়েছে, তবে খনির ভিতরে ঠিক কতজন শ্রমিক আটকে আছেন, তা এখনও স্পষ্ট নয় বলে জানিয়েছেন পুলিশ সুপারিনটেনডেন্ট বিকাশ কুমার। ফলে মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

'র‍্যাট-হোল' খনির অবৈধ কার্যক্রম? প্রাথমিক তদন্তে জানা যাচ্ছে, খনির ভিতরেই বিস্ফোরণটি ঘটেছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণ তা এখনও স্পষ্ট নয়। কয়লা উত্তোলনের জন্য ব্যবহৃত বিস্ফোরকে এই দুর্ঘটনা ঘটেছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সাথে খনিটিতে অবৈধভাবে কয়লা উত্তোলনের কাজ চলছিল কিনা, সেই বিষয়টিও তদন্তের অধীনে রয়েছে। উল্লেখ্য, পরিবেশের ক্ষতি এবং শ্রমিকদের জীবনের ঝুঁকির কারণে ২০১৪ সালে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল (NGT) মেঘালয়ে 'র‍্যাট-হোল' কয়লা খনির উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছিল। 'র‍্যাট-হোল' খনিতে ৩-৪ ফুট সরু সুড়ঙ্গের মধ্যে শ্রমিকদের হামাগুড়ি দিয়ে কাজ করতে হয়, যা অত্যন্ত বিপদজনক এবং অমানবিক।

মেঘালয়ের এই রত-হোল মাইনিং নিষিদ্ধ হলেও, আজও এই অঞ্চলে বেআইনিভাবে এই কাজ চলে আসছে, যা বারবার এমন মর্মান্তিক দুর্ঘটনার জন্ম দিচ্ছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!