বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে নিভৃতে বিবাহবন্ধনে আবদ্ধ জনপ্রিয় অভিনেতা ও বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়
![]() |
| ছবি সৌজন্যে : অভিনেতার সোশ্যাল মিডিয়া |
এ যেন এক রুপোলি পর্দার দৃশ্য। দ্বিতীয়বারের জন্য বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় টলিউড অভিনেতা ও ঘাটালের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়। বেনারসের ঘাটে গঙ্গাকে সাক্ষী রেখে সাত পাকে বাঁধা পড়লেন তিনি।
![]() |
| ছবি সৌজন্যে : অভিনেতার সোশ্যাল মিডিয়া |
সামাজিক মাধ্যমে নিজেই বিয়ের ছবি পোস্ট করে এই সুখবর ভাগ করে নেন অভিনেতা। প্রকাশ্যে আসা ছবিতে দেখা গিয়েছে, মাথা ভর্তি সিঁদুর, গলায় মঙ্গলসূত্র এবং পরনে লাল টুকটুকে বেনারসি শাড়িতে নববধূ ঋতিকা গিরি। ছবি প্রকাশ্যে আসতেই রাজনৈতিক মহল থেকে শুরু করে বিনোদন জগৎ—সব মহলেই চর্চা শুরু হয়েছে।
গঙ্গার তীরে ঢাকের তালে, ফুলের মালা ও ঘরোয়া আয়োজনের মধ্য দিয়েই নিভৃতে সম্পন্ন হয়েছে বিয়ের অনুষ্ঠান। খুব কাছের মানুষজনের উপস্থিতিতেই এই বিশেষ দিনটি উদযাপন করেন অভিনেতা-বিধায়ক। বন্ধু, সহকর্মী এবং অনুরাগীরা সামাজিক মাধ্যমে শুভেচ্ছা বার্তায় ভরিয়ে দিয়েছেন তাঁকে।
![]() |
| ছবি সৌজন্যে : অভিনেতা সোশ্যাল মিডিয়া |
সামাজিক মাধ্যম সূত্রে জানা গিয়েছে, হিরণ চট্টোপাধ্যায় ও ঋতিকা গিরি দীর্ঘদিন ধরেই সম্পর্কে ছিলেন, যদিও সেই সম্পর্ক খুব বেশি প্রকাশ্যে আসেনি। রাজনীতিতে সক্রিয় হওয়ার পর থেকেই হিরণ অধিকাংশ সময় খড়্গপুরে কাটাতেন বলেও জানা যায়।
উল্লেখ্য, অভিনেতার প্রাক্তন স্ত্রী অনিন্দিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে তাঁর দাম্পত্য জীবন দীর্ঘদিন ধরেই টানাপোড়েনের মধ্যে ছিল। গত মাসেই তাঁদের বিবাহিত জীবনের ২৫ বছর পূর্ণ হয়েছে। যদিও এখনও পর্যন্ত তাঁদের বিবাহবিচ্ছেদ আইনিভাবে সম্পন্ন হয়নি। তাঁদের একটি কন্যা সন্তান রয়েছে, যার বয়স বর্তমানে ১৯ বছর।
দাম্পত্য জীবনের নানা জটিলতা ও চড়াই-উতরাই পেরিয়ে নতুন জীবনের পথে পা রাখলেন হিরণ চট্টোপাধ্যায়। তবে এই বিয়ে নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে কোনও মন্তব্য করেননি তিনি। চুপিসারে দ্বিতীয়বার বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ায় রাজনৈতিক মহল থেকে বিনোদন জগৎ—সব মহলেই জল্পনা তৈরি হয়েছে।



