রাজ্যের মহিলাদের জন্য ঘোষিত অন্নপূর্ণা যোজনা (Annapurna Yojana) নিয়ে বড় আপডেট সামনে এসেছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ের যাচাই সম্পূর্ণ হওয়া যোগ্য আবেদনকারীদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আগামী ১৭ অগস্ট থেকে আর্থিক সহায়তা পাঠানোর প্রক্রিয়া শুরু হবে।
সরকারি সূত্রে জানানো হয়েছে, ভবিষ্যতে প্রতি মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যেই প্রকল্পের অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানোর পরিকল্পনা রয়েছে।
প্রশাসনের তথ্য অনুযায়ী, নির্ধারিত সময়সীমার মধ্যে প্রায় ২ কোটি ১৬ লক্ষ আবেদন জমা পড়েছে। বর্তমানে প্রতিটি আবেদন, পরিচয়পত্র এবং যোগ্যতার শর্ত যাচাইয়ের কাজ চলছে। যাচাই সম্পূর্ণ হওয়ার পরেই চূড়ান্ত সুবিধাভোগীদের তালিকা প্রকাশ করা হবে।
প্রথম পর্যায়ে সেই সমস্ত আবেদনকারী টাকা পাবেন, যাঁরা ১০ জুলাইয়ের মধ্যে আবেদন করেছেন, যাঁদের নথিতে কোনও অসঙ্গতি নেই এবং যাঁরা প্রকল্পের যোগ্যতার সমস্ত শর্ত পূরণ করেছেন।
অন্যদিকে, ১১ জুলাই থেকে ৩১ জুলাইয়ের মধ্যে আবেদনকারীদের ক্ষেত্রে যাচাইয়ের কাজ এখনও চলছে। তাঁদের আবেদন বাতিল হবে না, তবে যাচাই শেষ হওয়ার পর পরবর্তী ধাপে আর্থিক সহায়তা দেওয়া হবে।
প্রশাসনের দাবি, বিপুল সংখ্যক আবেদন জমা পড়ায় প্রতিটি আবেদন সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। ভুয়ো আবেদন বা নথির অসঙ্গতি রুখতেই এই প্রক্রিয়া চালানো হচ্ছে।
এদিকে, অন্নপূর্ণা যোজনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বিভ্রান্তিকর তথ্য থেকে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে প্রশাসন। প্রকল্প সংক্রান্ত তথ্যের জন্য শুধুমাত্র সরকারি ঘোষণার উপর নির্ভর করার আহ্বান জানানো হয়েছে।

