শনিবার রাজীব বিদায়, কে হচ্ছেন নতুন ডিজিপি

NEWS INDIA বাংলা
0

 নিজস্ব সংবাদদাতা,নিউজ ইন্ডিয়া : রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত ডিজিপি রাজীব কুমারের অবসরকে কেন্দ্র করে শনিবার প্রশাসনিক মহলে একাধিক প্রশ্ন উঠছে। শুক্রবার আলিপুর বডিগার্ড লাইনে অনুষ্ঠিত হয় তাঁর ফেয়ারওয়েল প্যারেড। সেখানে কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশের উদ্দেশে একগুচ্ছ বার্তা দেন রাজীব কুমার।

শনিবার রাজীব বিদায়, কে হচ্ছেন নতুন ডিজিপি?
শনিবার রাজীব বিদায়, কে হচ্ছেন নতুন ডিজিপি?

বিদায়ী ভাষণে রাজীব কুমার বলেন, সাহস ছাড়া কোনও পুলিশ বাহিনী চলতে পারে না। কর্তব্য পালনের সময় প্রয়োজনে জীবন দিতেও পুলিশ প্রস্তুত—এই সাহসই পুলিশের আসল শক্তি। তিনি বলেন, রুখে দাঁড়ানো ও সিদ্ধান্তে অবিচল থাকাই পুলিশের মূল চরিত্র।

২০১৯ সালে সারদা মামলায় সিবিআইয়ের জিজ্ঞাসাবাদকে কেন্দ্র করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ানোর ঘটনায় জাতীয় স্তরে পরিচিতি পান রাজীব কুমার। দীর্ঘ প্রশাসনিক জীবনে তিনি রাজ্য পুলিশের একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন।

রাজীব কুমার তাঁর বক্তব্যে পশ্চিমবঙ্গের ভৌগলিক ও কৌশলগত গুরুত্বের কথাও তুলে ধরেন। নেপাল, ভুটান ও বাংলাদেশের সঙ্গে সীমান্ত থাকায় রাজ্য পুলিশের সামনে প্রতিনিয়ত কঠিন চ্যালেঞ্জ আসে বলেও তিনি উল্লেখ করেন। তাঁর কথায়, মোস্ট স্ট্র্যাটেজিক্যালি ও জিও-পলিটিক্যালি গুরুত্বপূর্ণ রাজ্য পশ্চিমবঙ্গ।

পুলিশ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, শীর্ষ আধিকারিক থেকে শুরু করে হোমগার্ড ও সিভিক ভলান্টিয়ার—সবাই মিলেই একটি পরিবার। মাওবাদী সমস্যা মোকাবিলা থেকে শুরু করে দুর্গাপুজো ও গঙ্গাসাগরের মতো বিশাল উৎসব সুষ্ঠুভাবে সামলানোর জন্য রাজ্য পুলিশকে দেশের সেরাদের মধ্যে স্থান দেন তিনি।

অন্যদিকে, রাজীব কুমারের বিদায়ের সঙ্গে সঙ্গেই রাজ্যের নতুন ডিজিপি নিয়োগ ঘিরে অনিশ্চয়তা আরও বেড়েছে। ডিজিপি নিয়োগ সংক্রান্ত আইনি লড়াই নতুন মোড় নিয়েছে দিল্লি হাইকোর্টে। ইউপিএসসির করা আবেদনে স্থগিতাদেশ দিতে অস্বীকার করেছে আদালত।

আইপিএস অফিসার রাজেশ কুমার CAT-এ অবমাননার মামলা দায়ের করে দাবি করেছেন, ৩১ জানুয়ারির মধ্যেই ডিজিপি পদের এমপ্যানেলমেন্ট চূড়ান্ত করতে হবে। উল্লেখযোগ্যভাবে, রাজ্য সরকারের পাঠানো প্যানেলে রাজীব কুমারের নামও রয়েছে।

প্রকাশ সিং মামলার সুপ্রিম কোর্ট নির্দেশিকা ঘিরেই মূলত এই আইনি সংঘাত। পরিস্থিতি আরও জটিল কারণ রাজীব কুমার, রাজেশ কুমার ও রণবীর কুমার—তিনজনেরই অবসর ৩১ জানুয়ারি। ফলে শনিবার রাজীব কুমারের বিদায়ের পর রাজ্যের পরবর্তী ডিজিপি কে হবেন, তা নিয়ে জল্পনা তুঙ্গে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

একটি মন্তব্য পোস্ট করুন (0)

#buttons=(Ok, Go it!) #days=(20)

Our website uses cookies to enhance your experience. Check Now
Ok, Go it!